আম আদমি পার্টির চা-সিঙারার বিল ১ কোটি রুপি!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৮
নেতারা চা-সিঙারা খেয়েছেন। আর তার বিল এসেছে প্রায় এক কোটি রুপি! আঁতকে উঠলেন তো, ঘটনা কিন্তু সত্য। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার ৬ সদস্যের মন্ত্রীসভা গত ১৮ মাসে ১ কোটি রুপির বেশি উড়িয়ে দিয়েছেন স্রেফ চা-সিঙারা খেয়ে!
 
তথ্য জানার অধিকার আইনে দিল্লির মন্ত্রীদের চা-সিঙারার মত জলখাবারের খরচ সম্পর্কে জানতে চান বিবেক গর্গ নামে একজন। ডেপুটি সেক্রেটারি স্তরের এক আমলা যে জবাব দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের বিল সব থেকে বেশি। তিনি চা, জলখাবার খেয়েছেন ৪৭ দশমিক ২৯ লাখ রুপির। সেক্রেটারিয়েট অফিসে এ ব্যাপারে বিল হয়েছে ২২ লাখ ৪২ হাজার ৩২০ রুপির আর বাসভবনের অফিসে ২৪ লাখ ৮৬ হাজার ৯২১ রুপির।
 
বিবেক গর্গকে দেয়া উত্তরে জানানো হয়েছে, ডিপুটি চিফ মিনিস্টার মণীশ শিশোদিয়া ১১ লাখ ২৮ হাজার ৪২৯ রুপির চা-সিঙারা খেয়েছেন। ধর্ষণকাণ্ডে জেলে থাকা সন্দীপকুমারের বিল নয় লাখ ১১ হাজার ১৭৯ রুপি। দুর্নীতিতে ফেঁসে যাওয়া গোপাল রাইয়ের বিল ১১ লাখ ছয় হাজার ২৭১ রুপি। পর্যটন মন্ত্রী কপিল মিশ্রের বিল ছয় লাখ ৩০ হাজার ৯০ রুপি।
 
এদের মধ্যে চা, সিঙারার সব থেকে কম ভক্ত খাদ্যমন্ত্রী ইমরান হুসেন। মাত্র ৫ লাখ ৮৯ হাজার ১২১ রুপির জলখাবার গলাধঃকরণ করে কাজ সেরেছেন তিনি।
 
ইত্তেফাক/এএম