অপহৃত না হয়েও বাবা-মা ও পুলিশকে অপহৃত হওয়ার গল্প বলেছে এক বছর দশেকের মেয়ে। অদ্ভুত শোনালেও ঘটনাটা সত্যি। ভারতের উত্তর প্রদেশের মিরাটের সাহারানপুরের এই ঘটনায় বিস্মিত পুলিশসহ সবাই।
মা বাবার বকুনি থেকে বাঁচতেই পঞ্চম শ্রেণির এই নাবালিকা এমন গল্প তৈরি করেছে বলে জানিয়েছে ডেক্কান ক্রনিক্যাল।
শনিবার রাতে মা বাবার অনুমতি ছাড়া এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে। সন্ধ্যায় বেশ খানিকক্ষণ তাকে বাড়িতে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তার অভিভাবকরা। পুলিশ কোন পদক্ষেপ নেওয়ার আগেই নিজেই বাড়ি ফিরে আসে মেয়েটি। মা বাবা তার কাছ থেকে জানতে চাওয়ায় সে দাবি করে, বাড়ির সামনে থেকে ৪ জন অপরিচিত ব্যক্তি তাকে অপহরণ করে এবং তাদের চোখে ধুলো দিয়েই সে পালিয়ে আসে।
পুলিশের প্রশ্নের মুখে মেয়েটি জানায়, তাকে একটি অচেনা জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রশ্ন যত বাড়তে থাকে অসঙ্গতিও লক্ষ্য করা যায় তার বয়ানে। পুলিশের অনুমান, আদতে এমন কোনও ঘটনাই ঘটেনি।
খোঁজ নিয়ে জন্মদিনের পার্টির কথা জানতে পেরে সেই বন্ধুর বাবা মা’র সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এতে নিশ্চিত হওয়া যায়, অভিভাবকদের শাস্তির হাত থেকে রেহাই পেতেই এরকম একটি গল্প তৈরি করেছে ওই নাবালিকা।
ইত্তেফাক/এএম
