কাশ্মিরে নিহতের সংখ্যা ৭৪ এ পৌঁছেছে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে টিয়ার শেলে আহত ১৭ বচর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা ৭৪ জনে পৌঁছল।
 
গত রবিবার কাশ্মিরের সোপোরে মুসাইব মজিদ আহত হয়। সোমবার শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে সে মারা যায়। সার্জারির পর ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত কিশোর টিয়ার শেলের আঘাতে আহত হয়েছিল। খুব কাছ থেকে তার গায়ে টিয়ার শেল লাগে।
 
সোমবার সর্বদলীয় একটি প্রতিনিধিদল কাশ্মির উপত্যকা পরিদর্শন শেষে ফিরে গেছে। তবে প্রতিনিধি দলটি রাজ্যটির স্বাধীনতাকামী বিক্ষোভকারীদের সঙ্গে কোন আলোচনা করেননি।
 
গত ৮ জুন বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহানি পুলিশের হাতে নিহত হওয়ার পর কাশ্মিরজুড়ে ব্যাপাক বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তা বাহিনী বাধা দিলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। প্রায় দুই মাস ধরে সেখানে কারফিউ দিয়ে রাখা হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস
ইত্তেফাক/এমএএস