জাতিসংঘ মানবাধিকার প্রধান জাইদ রা’দ আল-হুসেন একশ্রেণীর পশ্চিমা রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেছেন । তিনি তাদেরকে ‘লোক খেপানো বক্তৃতাবাজ’ ও ‘রাজনৈতিক অবাস্তব কল্পনাকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
নেদারল্যান্ডসের দ্য হেগে এক নিরাপত্তা সম্মেলনে হুসেন ডেনমার্কের ডানপন্থী নেতা গির্ট উইল্ডার্সের ব্যাপারে বলেন, তিনি গোঁড়ামিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ব্রেক্সিট প্রচারক নিগেল ফারাগসহ গির্ট ও অন্যরা তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) মতই কৌশল ব্যবহার করেন।
গতমাসে প্রকাশিত এক নির্বাচনী ইশতেহারে উইল্ডার্স বলেন, নির্বাচিত হলে তিনি সব মসজিদ বন্ধ করে দেবেন এবং কোরান ও মুসলিম অভিবাসী নিষিদ্ধ করবেন। নেদারল্যান্ডে ২০১৭ সালে নির্বাচনের আগে তার ফ্রিডম পার্টি (পিভিভি) জনমত জরিপে এগিয়ে রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হুসেন শান্তি, বিচার ও নিরাপত্তা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তিনি গির্ট উইল্ডার্স ও তার মত ব্যক্তিদের উদ্দেশে বলতে চান, তারা জনপ্রিয় লোক খেপানো বক্তৃতাবাজ ও রাজনৈতিক অবাস্তব কল্পনাকারী।
তিনি বলেন, আমি মুসলিম এবং আমি ক্ষুব্ধ কারণ উইল্ডার্স মিথ্যা ও অর্ধসত্য, বিকৃত ভয় ছড়াচ্ছেন।’ হুসেন একজন শ্বেতাঙ্গ। তার মা ইউরোপিয়ান ও বাবা আরব। এএফপি/ইত্তেফাক/এমএএস
