রেলপথের মাধ্যমে বাংলাদেশ, ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ও ভুটানকে যুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভারতের রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইকোনোমিক টাইমসের খবরে জানানো হয়, ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের রেল কানেকটিভিটি স্থাপনে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে অনেকগুলো জরিপ কাজ সম্পন্ন করেছে।
ভারতের কর্মকর্তারা জানান, পশ্চিমবঙ্গের মালদা জেলার সিংবাদ দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। দিনাজপুরের রাধিকাপুর দিয়ে লাইন স্থাপনের কাজ চলছে। এর মধ্যে আখাউড়া দিয়ে ত্রিপুরার রেল যোগাযোগ ভারতের পূর্বাঞ্চল তথা সমগ্র ভারতই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে দেশটির কর্মকর্তাদের আশা।
ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে এই রেল লাইন নির্মাণ করা হচ্ছে। এর ফলে কলকাতা থেকে ত্রিপুরার দূরত্ব অনেক গুণে কমে যাবে। রেলপথে এখন কলকাতা থেকে আগরতলার দূরত্ব ১৬১৩ কিলোমিটার। বাংলাদেশের ভেতর দিয়ে কানেকটিভিটি স্থাপিত হলে ৯০০ কিলোমিটারের পর্যন্ত দূরত্ব কমে যাবে। চট্টগ্রাম বন্দরও এই রেল নেটওয়ার্কে যুক্ত হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
ইত্তেফাক/এমএএস
