তুরস্কে ২০০ কুর্দি যোদ্ধা নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৭
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযানে প্রায় ২০০ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ অভিযান চালানো হয়। গত বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় দেওয়া এক বিবৃতিতে অভিযানের কথা নিশ্চিত করেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।
 
এ অভিযান শুরুর আগে নিষিদ্ধঘোষিত দলটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে হাজার হাজার শিক্ষককে বরখাস্ত করা হয়। ওই অভিযানে ১৮৬ জন পিকেকে যোদ্ধা সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে বলে এরদোয়ান জানান। দলটির সঙ্গে জড়িত সরকারি চাকরিজীবীদের ওপর অভিযান চালানো হবে বলে প্রাদেশিক গভর্নরকে ইতোমধ্যেই জানিয়েছিলেন এরদোয়ান।
 
এছাড়া চাকরি  থেকে তাদেরকে বরখাস্ত করার কথাও সেসময় উল্লেখ করেন প্রেসিডেন্ট। তুর্কি সামরিক বাহিনী বুধবার জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কুকুরকাতে গত কয়েকদিন অভিযান চালিয়ে ১৮৬ জন পিকেকে কর্মীকে হত্যা করা হয়েছে।
 
গত জুলাইয়ে দুই বছরের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাহার করে নেয় পিকেকে। এ ঘটনায় দেশটিতে পুনরায় ব্যাপক সংঘাতের সূত্রপাত হয়। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এ সহিংসতা, বিক্ষোভে তুরস্কে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। -আল জাজিরা
ইত্তেফাক/এমএএস