উত্তর আয়ারল্যান্ডে নগ্ন ছবি প্রকাশের জের ধরে ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন ১৪ বছর বয়সী এক কিশোরী।
কিশোরীর আইনজীবী জানিয়েছেন, নগ্ন ছবিগুলো ফেসবুকে বার বার প্রকাশের মাধ্যমে তাকে ব্লাকমেইল করা হয়েছে। এটা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। এ ঘটনায় ঐ কিশোরী ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। তাছাড়া যে ব্যক্তি এমন কাজ করেছে সে কাজটাকে মনে করা হচ্ছে পৃথিবীর প্রথম এ ধরনের কেলেঙ্কারির ঘটনা।
বেলফাস্টে হাইকোর্টে শুনানিতে ঐ কিশোরীর ব্যারিস্টার বলেন, ছবিগুলো ফেসবুকের “শেম” পেইজে রয়েছে। এগুলোর পুনঃপ্রকাশ বন্ধ করে দেওয়া উচিত। এছাড়া কোম্পানি যদি ছবিগুলো বার বার প্রকাশ না করতো তাহলে এমন ঘটনার অবতারণা হত না। এ ঘটনায় ঐ কিশোরীর পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও তথ্য প্রতিরক্ষা আইনের লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে কিশোরী। তবে ফেসবুকের পক্ষের কৌঁসুলি যুক্তি দেখিয়ে বলেন, যখন কোনো ছবি তাদের গোচরে আসে, তারা সবসময় নামিয়ে ফেলেন। তাই তাদের ক্ষতিপূরণের দাবি ধোপে টেকে না। ওদিকে শুনানি শেষ হলেও বিচারক মামলার রায় এখনো জানাননি। বিবিসি
ইত্তেফাক/এমএএস
