কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল আরো ২ জনের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৪
কাশ্মিরে নতুন সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে সেখানে আরো সেনা মোতায়েন করায় চলমান সহিংসতার কোনো রাজনৈতিক সমাধানের আশাও দেখা যাচ্ছে না।
 
দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলায় গতকাল শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলার সময় নিরাপত্তা বাহিনীর প্যালেট  গানের গুলিতে এক ব্যক্তি নিহত হন। অনন্তনাগ জেলার পুলিশ কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তির নাম ইয়ার ভাট এবং তার বয়স ২৩। বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারলে, পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন। অপরদিকে পার্শ্ববর্তী শোপিয়ান  এলাকায় পুলিশের  ছোড়া টিয়ার গ্যাসের শেল এক বিক্ষোভকারীর মাথায় থাকলে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম সায়ার আহমেদ শেখ।
 
এদিকে কাশ্মির সমস্যার রাজনৈতিক সমাধান যে এখনো নাগালের মধ্যে নেই, তা কার্যত আগেই মেনে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভূস্বর্গে আরও চার ব্যাটেলিয়ন সেনা পাঠানোর কথা ঘোষণা করে তারা সেই ধারণাই পাকাপোক্ত করেছে। সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, সেনাবাহিনী জঙ্গি দমনের কাজ করবে। উপত্যকায় অশান্তির সুযোগে আরও বেশি জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে পাকিস্তান। সেই জন্যই অতিরিক্ত সেনা মোতায়েন। কিন্তু সেখানকার সাধারণ মানুষেরা বলছেন, কাশ্মিরে বিক্ষোভ এখনও থামেনি। শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম, শোপিয়ান, পাম্পোর, ত্রাল, বারামুলার মতো এলাকায় নতুন করে কার্ফু জারি করা হয়েছে। আরও সেনা পাঠিয়ে সরকার কাশ্মিরের ওই এলাকাগুলোতে তার কর্তৃত্ব  প্রতিষ্ঠা করতে চাইছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি