কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেবেন শেখ হাসিনা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ০০:১১
একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষে অবদান রাখা ও সমর্থনের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডোকে মরণোত্তর সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডা সফরকালে মন্ট্রিয়েলে জাস্টিন ট্রুডোর হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন। জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো বড় রকমের সাহসী ও ঝুঁকিপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে শরণার্থীদের মানবিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেন। পিয়েরে ট্রুডো কানাডার পার্লামেন্টের তিনজন এমপিকে শরণার্থী শিবিরে পাঠান। কানাডার সরকার শরণার্থীদের জন্য খাদ্য, বস্ত্র, নগদ অর্থসহ বিপুল পরিমাণ সহায়তা দেয়। সেজন্যই বাংলাদেশ সরকার পিয়েরে ট্রুডোর এই অবদানের জন্য তাকে মরণোত্তর মুক্তিযুদ্ধ সম্মাননা দেবে। বাবার  অসামান্য অবদানের জন্য সম্মাননা নেবেন ছেলে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন   ট্রুডো। মন্ট্রিয়লে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতি সৌধের আদলে সোনার তৈরি সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৬ সেপ্টেম্বর মন্ট্রিয়লে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধে বিশ্ব সম্মেলন আহ্বান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
 

ইত্তেফাক/এএন