উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় হাজার হাজার ভবনের ক্ষতি হয়েছে। অঞ্চলটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হলেও প্রাণহানি কিংবা ক্ষতির সঠিক কোন চিত্র তুলে ধরা হয়নি।
সকল সেনা সদস্য ও বেসামরিক লোককে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের সরকারি উপাত্তের কথা উল্লেখ করে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, তুমেন নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৬০ জন প্রাণ হারিয়েছে এবং ৪৪ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এলাকাটি চীন ও রাশিয়ার সীমান্তের সঙ্গে আংশিক যুক্ত।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ‘হাজার হাজার’ বাড়িঘর ও সরকারি ভবন ধসে পড়েছে এবং রেলপথ ও রাস্তাঘাট ভেঙ্গে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বহু কারখানা ও বিস্তীর্ণ আবাদি জমি ধ্বংস বা পানিতে নিমজ্জিত হয়েছে।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এএফপি
ইত্তেফাক/এমএইচ
