মোরেলগঞ্জের একটি সাঁকো ও পুলের ভগ্নদশার কারণে উপজেলার পুটিখালী ও পঞ্চকরণ ইউনিয়নের শত শত শিক্ষার্থী ও জনসাধারণের ভোগান্তির শিকার হতে হচ্ছে। পুটিখালী ও পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের সংযোগ খালে রয়েছে ঝুঁকিপূর্ণ সাঁকোটি।
সাঁকোর একপারে পুটিখালীর মুন্সিরহাট এলাকায় রয়েছে মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। অপর পারে পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিকসহ বেশকিছু জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ সাঁকো দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ এলাকার লোকজন পারাপার করে। জোয়ারের সময় সাঁকোর দুইপার পানিতে তলিয়ে যায়। যার কারণে শিশু শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পার হতে হয়।
অপরদিকে পুটিখালী ইউনিয়নে ভাটখালী ও গজালিয়া সংযোগ খালের পুলটিও দীর্ঘদিন যাবত্ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জনগুরুত্বপূর্ণ এ পুল দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, শত শত লোক ও বিভিন্ন মোটর যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। পুটিখালী ইউপি চেয়ারম্যান মো. শাহচান মিয়া শামীম বলেন, এ পুলটি অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করা হবে।
ইত্তেফাক/এএন
