মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাওয়া ভরা ভাসমান বিছানায় চড়ে নদী পেরিয়ে কানাডায় প্রবেশের অভিযোগে এক ব্যক্তির ২ মাসের জেল হয়েছে। বাগদত্তাকে তার পুরনো প্রেমিকের রোষানল থেকে বাঁচাতে এই অভিনব উপায়ে নদী পাড়ি দিয়ে কানাডা প্রবেশের চেষ্টা করেন ওই মার্কিন নাগরিক।
জন বেনেট নামে ২৫ বছরের ওই মার্কিন তরুণের বাগদত্তা কানাডায় থাকেন। তিনি গর্ভবতীও। তাকে বাঁচাতেই কানাডা যেতে চেয়েছিলেন বেনেট। কারণ তার সন্দেহ ছিল, বাগদত্তা তরুণীর পুরনো প্রেমিক কোনোভাবে তার প্রেমিকা ও সন্তানের ক্ষতি করতে পারে।
বেনেটের বাগদত্তা প্রেমিকা কানাডার সেন্ট স্টিফনে থাকেন। প্রথমে আইন মেনে সে দেশে প্রবেশের অনুমতি চান তিনি। তবে ভেরিফিকেশনের পরে তা আটকে দেওয়া হয়। সেজন্যই মার্কিন-কানাডা সীমান্তে থাকা নদী পেরিয়ে কানাডায় ঢোকেন বলে পুলিশকে জেরায় জানিয়েছেন বেনেট।
গ্রেফতার হওয়ার পরে আদালত সব শুনে ২ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে বেনেটকে।
আদালতে বেনেট জানিয়েছেন, নিয়ম মেনে কানাডায় ঢুকতে না পেরে তিনি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে একটি হাওয়া ভরা ভাসমান বিছানা কিনে আনেন। তারপরে সেটায় শুয়ে শুয়ে সেন্ট ক্রয়িক্স নদী পার হয়ে যান।
বেনেট যখন নদী পেরুচ্ছিলেন তখন স্থানীয় এক বাসিন্দা কানাডা পুলিশকে বিষয়টি জানিয়ে খবর দেন। তারপরই তাকে গ্রেফতার করা হয়। ২ মাসের জেল খাটার পর বেনেটকে ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এএম
