সম্পদে বিল গেটসকে ছাপিয়ে গেলেন স্পেনের বিখ্যাত পোষাক ব্র্যান্ড জারা-র প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা। বেশ কিছু দিন ধরেই তিনি বিল গেটসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন। এই সপ্তাহে তিনি যে আয় করেছেন তার ওপর ভর করেই তিনি মাইক্রোসফটের কর্ণধারকে সরিয়ে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা অধিকার করেছেন।
আশি বছরের আমানসিও ওর্তেগা বর্তমানে ইউরোপের সবচেয়ে ধনী। এবার তিনি গেটসকে ছাপিয়ে গেলেন। এ সপ্তাহের এক হিসেব মতে, বর্তমানে ওর্তেগার সম্পদের মূল্যমান ৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে গেটসের সম্পদের মূল্যমান ৭৭ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার। অবশ্য গত বছর অক্টোবরেও ওর্তেগা গেটসকে টপকে গিয়েছিলেন।
স্পেনের এক রেলকর্মীর সন্তান ওর্তেগা বরাবরই চাইতেন অন্যরকম কিছু করতে। অল্প বয়সেই খুলে ফেলেন ইন্ডিটেক্স নামে একটি প্রতিষ্ঠান। সেখান থেকে জারা-র অবির্ভাব। ফ্যাশন বাজারে নেমেই তিনি বাজারের তুলানায় কিছুটা কম দামে নিজের পণ্য বাজারে ছাড়তে শুরু করেন। ফ্যাশন দুনিয়ায় এখন তার সমানে আছে শুধু গ্যাপ ও হেনেস অ্যান্ড মার্তিজের মতো ব্র্যান্ড।
বয়স হয়েছে, তাই ব্যবসা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন ওর্তেগা। মেয়ে মার্থার নামে তার সব সম্পত্তি উইল করে দিচ্ছেন তিনি। মেয়েকে ব্যবসা শেখানোর জন্য তাকে প্রশিক্ষণও দিতে শুরু করেছেন।
ইত্তেফাক/এএম
