যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে ফিলিপাইন ছেড়ে চলে যেতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। প্রেসিডেন্ট ভবনে নতুন কর্মকর্তাদের শপথ প্রেসিডেন্ট বলেন, 'যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে চলে যেতে হবে।'
তিনি বলেন, 'আমি আমেরিকার সঙ্গে বিরোধ চাই না, কিন্তু তাদের চলে যেতেই হবে।' এসময় ফিলিপাইনের স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের কথাও জানান তিনি।
সর্বশেষ আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন দুতের্তে। কিন্তু ওবামাকে নিয়ে তার বিতর্কিত মন্তব্যের পর ওই বৈঠক বাতিল হয়ে যায়।
দুতের্তে বলেন, 'আমি চাই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মিন্দানাও থেকে চলে যাক।' যুক্তরাষ্ট্রের সেনারা মুক্তিপণের জন্য অপহরণের শিকার হতে পারেন বলে এসময় আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফিলিপাইনের সেনাদের প্রশিক্ষণ দেয়ার জন্য মিন্দানাওয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।
ক্ষমতা গ্রহণের পরপরই দেশকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন তিনি। এর ফলে দেশটিতে বিনা বিচারে হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
