ঈদ উল আজহার দিনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে কারফিউ জারি করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করার পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট বন্ধ করেছে।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, বিচ্ছিন্নতাবাদীরা যাতে শ্রীনগরে অবস্থানরত জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের কাছে না যেতে পারে সেজন্য এই কারফিউ। ঈদের দিনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে কারফিউ অন্তত বিরল ঘটনা।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোনের মাধ্যমেও পর্যবেক্ষণ করছে যে কোনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কী না। এছাড়া সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। কাশ্মিরী গণমাধ্যম জানিয়েছে, এবারের ঈদের বাজার একদমই জমেনি এবং গতানুগতিক মিষ্টি ও রুটি কেনার ঝোকটাও দেখা যায়নি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলেছে, গুরুত্বপুর্ণ ঈদগাহগুলোতে গত ২৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা ৯ জুলাই জনপ্রিয় জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া সহিংসতায় ৭০ জন নিহত হওয়ার প্রেক্ষিতে অনাড়ম্বর ঈদ পালনের আহ্বান জানিয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
