‘দাভাও ডেথ স্কোয়াডের’ এক সাবেক সদস্য বলেছেন, দাভাও এর মেয়র থাকাকালীন নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের হত্যার নির্দেশ দিয়েছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতের্তে।
সিনেটে এক শুনানিতে দাভাও ডেথ স্কোয়াডের সাবেক সদস্য এডগার মাতোবাতো বলেন, ২৫ বছরে তারা প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছেন। মাতোবাতো আরো বলেন, দুতের্তে একটি মসজিদে বোমা হামলারও নির্দেশ দিয়েছিলেন।
তিনি লোমহর্ষক হামলাগুলোর বর্ণনা দেন। তিনি জানান, একজনকে তারা কুমির দিয়ে খাইয়ে দিয়েছিলেন। তবে দুতের্তের মুখপাত্র এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। মাতোবাতো বলেন, তিনি দুর্ধর্ষ দাভাও ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন। তাদের কাজ ছিল মাদক ব্যবসায়ী, ধর্ষণকারী ও ছিনতাইকারীদের হত্যা করা। পাশাপাশি দুতের্তে তার রাজনৈতিক প্রতিপক্ষদের হামলার লক্ষ্যে পরিণত করতেন। প্রসপেরো নগরালেস নামক তার এক স্থানীয় প্রতিপক্ষের চারজন দেহরক্ষীকে হত্যা করিয়েছিলেন দুতের্তে। হত্যার পর অনেকের লাশ গলিয়ে ফেলা হয়, অনেকের লাশ সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়।
প্রেসিডেন্ট দুতের্তের মুখপাত্র মার্টিন আন্দানার বলেন, আমি বিশ্বাস করি না দুতের্তে এই ধরনের কাজের নির্দেশ দিয়েছেন। এদিকে দুতের্তের প্রতিপক্ষ নগরালেসের ছেলে কার্লো বলেছেন, তার বাবার দেহরক্ষীদের দুতের্তে হত্যা করাননি। বিবিসি
ইত্তেফাক/এমএএস
