সিরিয়ায় আরো ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দেশটিতে জাতিসংঘের ত্রাণ বহরের প্রবেশ নির্বিঘ্ন করতে মহাসচিব বান কি মুন যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান জানান। এর পরই দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার ঐ সিদ্ধান্ত নেন।
এদিন মার্কিন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সের্গেই লাভরভ টেলিফোনে আলাপ করেন। এ সময় তারা যুদ্ধবিরতি আরো দুদিন বাড়ানোর বিষয়ে একমত হন। সিরিয়ায় আইএসআইএল ও জাভাত ফাতেহ আল-শাম গ্রুপের ওপর সামরিক হামলা চালানোর আগে গত শুক্রবার ওয়াশিংটন ও মস্কো একটি চুক্তিতে উপনীত হয়। চুক্তির লক্ষ্য হলো পরপর সাত দিনে দেশটিতে সংঘাত কমিয়ে আনা। এ লক্ষ্যে তারা যুদ্ধবিরতি ঘোষণা করে। সোমবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
ইত্তেফাক/এমএএস
