ভারতের পশ্চিমবঙ্গে ১০ বছর পর সিঙ্গুরের কৃষকদের হারানো জমি ফেরত দেওয়ার মঞ্চ থেকেই শিল্পায়নের ডাক দিয়ে টাটা গোষ্ঠীকে অন্য জায়গায় জমি দেওয়ার প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীর কারখানার জন্য ১০ বছর আগে অধিগৃহীত প্রায় ১০০০ একর জমি বুধবার আবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় কৃষকদের হাতে ফিরিয়ে দেন মমতা।
গতমাসে এই জমি ফেরানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর মমতা বুধবার সিঙ্গুরে এক বিজয় সমাবেশের আয়োজন করে কৃষকদের জমির দলিল-পরচাসহ তুলে দিয়েছেন ক্ষতিপূরণের চেকও। এরপর ওই সভামঞ্চ থেকেই টাটা গোষ্ঠীকে অন্য জায়গায় হাজার একর জমি দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। কারখানা করতে চাইলে একমাসের মধ্যেই তাদেরকে যোগাযোগ করার জন্য সিঙ্গুরের হাজার হাজার মানুষের সামনেই আহ্বান জানান মমতা। পশ্চিমবঙ্গ সরকার শিল্প ও কৃষি দুই-ই চায় জানিয়ে তিনি বলেন, টাটা বা বিএমডব্লিউ কারখানা গড়তে চাইলে রাজ্যের অন্য জায়গায় সরকার তাদের জমির ব্যবস্থা করে দেবে। সিঙ্গুরের কৃষকদের জন্যও বুধবার নতুন অনুদান ঘোষণা করেছেন মমতা। বলেছেন, চাষ শুরুর জন্য সব কৃষক পরিবারকে ১০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেবে রাজ্য। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটি সিঙ্গুরবাসীর জন্য নতুন একটি উপহার।
ইত্তেফাক/এএন
