ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ৬৬ তম জন্মদিন। প্রধানমন্ত্রীর আজকের জন্মদিনকে কেন্দ্র করে দেশটি বিভিন্ন রেকর্ড গড়ার আশা করছে। বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়েছেন, এ বছর থেকে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হবে। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নরেন্দ্র মোদী ২০১৪ সালের মে মাসে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
প্রধানমন্ত্রী মোদী নিজে আজ কয়েক হাজার দুঃস্থ প্রতিবন্ধীর পাশে দাঁড়াবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজের জন্মদিন গুজরাটেই কাটাবেন মোদী। গুজরাট সরকার সেইরকমই উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, জন্মদিনে এগারো হাজার প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল, হিয়ারিং এইড, হুইলচেয়ারের মতো প্রয়োজনীয় জিনিস দেবেন প্রধানমন্ত্রী।
শুধু দানই নয়, প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করতে বিশেষ পরিকল্পনাও নিয়েছেন উদ্যোক্তারা। একইসঙ্গে তিনটি গিনেস রেকর্ড! প্রথম, এক হাজার প্রতিবন্ধী আলাদা করে হাজারটি প্রদীপ জ্বালাবেন। দ্বিতীয়, হুইলচেয়ার নিয়ে ফর্মেশান করবেন এক হাজার প্রতিবন্ধী। তৃতীয় রেকর্ড, একসঙ্গে এক হাজার জনকে হিয়ারিং এইড দেওয়া হবে। উপহার পাবেন মোট এগারো হাজার প্রতিবন্ধী!
মোদীর জন্মদিনে তৈরি হচ্ছে ৮ ফুট উঁচু কেক। ওজনে দুই থেকে আড়াই টন। প্রায় ২০ জন বেকারি কর্মী তৈরি করবেন কেকটি। সুরাটের অতুল বেকারি নামে একটি কেক প্রস্তুতকারক সংস্থা তৈরি করবে এটি। সব ঠিক থাকলে এই বিশেষ কেক তৈরি করে গিনেজ বুকে নিজেদের নাম পাকা করে ফেলতে পারবে সংস্থাটি। - টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে
ই্ত্তেফাক/এমএইচ
