'টুইন টাওয়ার হামলায় জড়িত সৌদি রাজ পরিবার'

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৫
৯/১১ হামলায় জড়িত ছিলো সৌদি রাজ পরিবারের এক সদস্য। এই দাবি আল কায়েদার এক বোমা বিশেষজ্ঞের। আবদুল্লা আল শারবি নামে ওই ব্যক্তি বর্তমানে কিউবার গুয়ানতানামো কারাগারে বন্দি।
 
আল শারবি মার্কিন গোয়েন্দাদের জানিয়েছে, সৌদি রাজ পরিবারের কেউ বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার সঙ্গে জড়িত। কারণ, তার সঙ্গে কথা বলার সময় সৌদির এক ধর্মীয় ব্যক্তিত্ব তাকে বলেছিল মার্কিন ‌যুক্তরাষ্ট্রে ফিরে এসে মার্কিন সরকারের বিরুদ্ধে একটি মিশনে সামিল হতে। ওই মিশনের জন্য বিমান চালানো শেখার প্রয়োজন রয়েছে। 
 
সৌদির ওই ব্যক্তি ‌যখন শারবির সঙ্গে এ নিয়ে কথা বলে সে সময় সে ফোনে অন্য এক জনের সঙ্গেও কথা বলে। ফোনের উল্টো দিকে ওই ব্যক্তিকে এই ধর্মীয় ব্যক্তিত্ব 'ইয়োর হাইনেস' বলে সম্বোধন করে।
 
বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলার তদন্ত করতে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক তদন্ত সংস্থা জানিয়েছে হামলার সঙ্গে সৌদি রাজ পরিবারের কোনও সম্পর্ক নেই। কিন্তু আল শারবির ওই মন্তব্যে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। পেন্টাগনের সাইটেও ওই দাবির কথা উল্লেখ করা হয়েছে। 
 
শারবি কারও নাম উল্লেখ করেনি। এক্ষেত্রে সৌদি রাজ পরিবারের হাজার খানেক সদস্যদের মধ্যে কে সেই ব্যক্তি তা খুঁজে বের করা বেশ শক্ত। রাজ পরিবারের ওই ব্যক্তিকে দেখেওনি শারবি।
 
শারবির ওই বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে ‌যে, ১১ সেপ্টেম্বরের হামলায় অংশগ্রহণকারী ১৯ জনের মধ্যে ১৭ জনই সৌদির নাগরিক। শারবির দাবির ব্যাপারে কোনও কিছু বলতে অস্বীকার করেছে আমেরিকায় অবস্থিত সৌদি দূতাবাস।
 
ইত্তেফাক/এএম