থাইল্যান্ডে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার বিকালে নির্মাণাধীন একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নৌযানটিতে শতাধিক যাত্রী ছিলো। এখনো নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার তৎপড়তা চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুর্ঘটনায় আহত হয়েছে ৩০ জনের মত যাত্রী। এছাড়া নিখোঁজ রয়েছে ১২ জন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ছয়জনই শিশু। নৌকার ক্যাপ্টেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
আয়ুথায়ার পুলিশ প্রধান জানান, নৌকাটি ৫০ জন ধারণক্ষমতা সম্পন্ন ছিল। কিন্তু সেখানে নেয়া হয়েছিলো ১০০জনেরও বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, লিবিয়ার পর বিশ্বে থাইল্যান্ডেই সবচেয়ে বেশি দুর্ঘটনায় মৃত্যু হয়। এএফপি ও বিবিসি
ইত্তেফাক/এমএইচ
