নিউইয়র্কে বোমা বিস্ফোরণের সন্দেহভাজন ‘চিহ্নিত’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৯
নিউইয়র্কের ম্যানহাটনে শনিবারের বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সী এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। আহমাদ খান রাহামি নামের এই ব্যক্তি আফগান বংশোদ্ভুত এবং নিউ জার্সির অধিবাসী।
 
তার কাছে অস্ত্র থাকতে পারে এবং সে বিপজ্জনক বলে সোমবার জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও। ব্লাসিও বলেন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ আহমাদ খান রাহামি নামক ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। শনিবার রাতে চেলসি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।
 
তার কাছে অস্ত্র থাকতে পারে এবং সে বিপজ্জনকও হতে পারে উল্লেখ করে ব্লাসিও অধিবাসীদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং দেখা পাওয়া মাত্র কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছেন। চেলসি এলাকায় শনিবারের বিস্ফোরণটি ঘটানো হয়েছে স্প্লিন্টার ভর্তি প্রেশার কুকার বোমার মাধ‌্যমে। ওই বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।
 
আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশেষভাবে তৈরি দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল। ম্যানহাটনের চেলসির বিস্ফোরণটিতে ২৯ জন আহত হন। কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী তৎপরতা বলে চিহ্নিত করলেও এর কোনও উদ্দেশ্য জানাতে পারেননি। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ