নিউইয়র্কে বিস্ফোরণে জড়িত প্রধান সন্দেহভাজন গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৬
 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বোমা বিস্ফোরণে জড়িত প্রধান সন্দেহভাজন আহমাদ খান রাহামিকে গ্রেফতার করেছে পুলিশ। আফগান বংশোদ্ভুত এই যুবককে নিউ জার্সির এলিজাবেথ নগরের লিনডেন শহর থেকে সোমবার গ্রেফতার করা হয়। এলিজাবেথের মেয়র ক্রিস বলওয়েজ এই তথ্য জানিয়েছেন। লিনডেন নিউইয়র্ক থেকে ৩২ কিলোমিটার দূরে।
 
মেয়র জানিয়েছেন, গ্রেপ্তারের আগে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে সামান্য আহত হয়েছে। এতে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, নিউইয়র্ক এবং নিউ জার্সির বোমা বিস্ফোরণের সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে। লিনডেন নগরীর মেয়র ডেরেক আর্মস্টিড বলেন, এক বারের মালিক তার হলওয়েটে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান রাহামিকে। তিনি আরও জানান, রাহামি জেগে উঠে তার দিকে গুলি চালালেও ভাগ্যক্রমে বেঁচে যান ওই ব্যক্তি। ২৮ বছর বয়সী রাহামির পরিচয় গতকালই প্রকাশ করে গোয়েন্দা সংস্থা এফবিআই।
 
এদিকে নিউইয়র্কে বিস্ফোরিত বোমাটি ও উদ্ধারকৃত আরেকটি বোমা উভয়েই ছিল প্রেসার কুকার বোমা। কর্মকর্তারা জানিয়েছেন, উভয় বোমা বিস্ফোরণের জন্য ফ্লিপ ফোন এবং ক্রিসমাস লাইট ব্যবহার করা হয়। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে বিস্ফোরিত বোমাটিও ছিল প্রেসার কুকার বোমা। অন্যদিকে নিউ জার্সি থেকে উদ্ধার হলো আরও পাঁচ ‘বোমা’ নিউ জার্সির একটি রেল স্টেশন থেকে আরও পাঁচটি সন্দেহজনক ‘বোমা’ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিকে নিষ্ক্রিয় করতে গেলে বিস্ফোরিত হয়। -বিবিসি ও রয়টার্স