সিরিয়ার আলেপ্পোর কাছে একটি ফরাসী দাতব্য সংস্থা পরিচালিত ক্লিনিকে মঙ্গলবার রাতে বিমান হামলায় চার চিকিৎসক নিহত ও একজন নার্স আহত হয়েছেন।
ইউনিয়ন অব সিরিয়ান রিলিফ অর্গানাইজেশন (ইউওএসএসএম) জানায়, ক্লিনিকের কয়েকজন রোগীকে বিশেষ চিকিৎসা দিতে অন্যত্র নেয়ার জন্য তাদের দুটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্স দুটিতে তাদের চার কর্মী ছিলেন।
সিরিয়ার খান তুমান গ্রামে ওই ক্লিনিকে স্থানীয় সময় রাত ১১টায় হামলা চালানো হয়। এতে ক্লিনিকটি মাটির সাথে মিশে যায় এবং আরো লাশ ইট-পাথরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউএসএসএম’র হাসপাতাল ও ট্রমা বিষয়ক পরিচালক আহমেদ দায়িস বলেন, বোমার আঘাতে তিন-তলা ক্লিনিকটি পুরোপুরি বিধ্বস্ত। এতে ঠিক কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলার ধরন দেখে তাদের মনে হয়েছে এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল।
আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকার কাছে একটি ত্রাণবাহী গাড়িবহরে হামলার এক দিন পর এই ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের অভিযোগ ত্রাণবহরে হামলায় রাশিয়া জড়িত। সূত্র: এএফপি
ইত্তেফাক/এমএএস
