রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপির সঙ্গে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নব নির্বাচিত প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় মত বিনিময়কালে বেসরকারি মেডিকেল কলেজের সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে কথা বলেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ ও পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) প্রফেসর ডাঃ কে এম আহসান হাবিবও উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. এনামুর রহমান এমপি, ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ইকরাম হোসেন বিজু, প্রীতি চক্রবর্তী, নাজমুল আহসান সরকার, উলফাৎ জাহান মুন ও নীলু আহসান উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন। বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের গুণগত চিকিৎসাশিক্ষার মান উন্নয়নে কোনো ধরণের আপোষ করা হবে না বলে জানান। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: ঋণের টাকা শেষ, আইসিইউ থেকে ফেরত ইবি শিক্ষার্থী
এছাড়া স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে শক্তিশালীকরণ, চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনসহ সরকারের পক্ষ থেকে সকলকে একসঙ্গে নিয়ে আপামর জনসাধারণের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেবেন বলে জানান।
ইত্তেফাক/নূহু
