অন্তঃসত্ত্বা নার্সকে চুলের মুঠি ধরে মারধর নেতার!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালে ঢুকে সেই অন্তঃসত্ত্বা নার্সের সঙ্গে তর্ক জুড়ে দেন ভারতের সিকিমভিত্তিক রাজনৈতিক দল 'শিরোমণি আকালি দল'-এর এক নেতা। কথায় কথায় বিতর্ক বাড়তেই ওই নার্সকে ধাক্কা মারেন। শুধু তাই নয়, এক পর্যায়ে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরও করা হয়।
 
পাঞ্জাবের বাঘাপুরানার একটি হাসপাতালে ওই ঘটনা ঘটতেই তা চাউর হয়ে যায়। এরপর হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। যেখানে দেখা যায়, ওই নার্সকে ধাক্কা দিচ্ছেন অকালি দলের ওই নেতা।
 
আলমওয়ালার শিরোমণি আকালি দলের নেতা পরমজিত সিং-এর ছেলে গুরজিত সিং-এর ওই কীর্তি ক্যামেরাবন্দি হতেই সমালোচনা শুরু হয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
 
ওই নার্স অভিযোগ করেন, গুরজিত প্রথমে তাকে হুমকি দেন। এরপর পরমজিত এবং গুরজিত দু'জনে মিলে তাকে টানতে টানতে অন্য জায়গায় নিয়ে যান। সেই সঙ্গে ভয় দেখানো তো চলছিলই। ওই নার্স পেটে চোট পেয়েছেন বলে জানিয়েছেন।
 
পরমজিত এবং গুরজিতের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৫১, ৩২৩, ৫০৬ এবং ৩৪-এর ধারায় অভিযোগ দায়ের করেছে।
 
ইত্তেফাক/এএম