জাতীয় পার্টি (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম পোদ্দার (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.......রাজিউন)। বাংলাদেশ সময় রবিবার ভোর পাঁচটায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ছাড়াও আবুল কালাম পোদ্দার ভাণ্ডারিয়া পৌর সহায়তা কমিটির সদস্য ও ভাণ্ডারিয়া বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ পিতা, ভাই-বোন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল কালাম পোদ্দার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং জেপির প্রেসিডিয়াম সদস্য তাসমিমা হোসেন।
জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক মো.মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল বাবুল তালুকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সদস্য সচীব ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, জেপি উপজেলা মহিলা পার্টির উপজেলা সভানেত্রী আসমা আক্তার, জেপি ও তার অঙ্গসংঠন যুবসংহতি, ছাত্রসমাজ নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজন শোক প্রকাশ করেন।
এছাড়াও ভা্লারিয়া পৌর প্রশাসক ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস ও পৌর সহায়তা কমিটির অন্য সদস্যরাও শোক প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার আবুল কালাম পোদ্দারের লাশ দেশে নিয়ে আসা হবে। মঙ্গলবার স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
আবুল কালাম পোদ্দার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন থাকার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়।
ইত্তেফাক/এএসএস
