সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সবধরনের আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, রাশিয়া অস্ত্রবিরতি চুক্তি পালন করেননি। ওয়াশিংটন থেকে জানানো হয়, সিরিয়ায় বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে রাশিয়া।
সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি।
কিরবি বলেন, বেসামরিক এলাকা ও স্থাপনায় এবং মানবিক ত্রাণবাহী বাহনে হামলা চালাবে না বলে দেয়া নিজেদের অঙ্গীকার দুর্ভাগ্যবশত ধরে রাখতে ব্যর্থ হয়েছে রাশিয়া। একইসঙ্গে এসব এলাকায় হামলা হবে না বলে সিরিয়ার সরকারকে অনুগত রাখার ব্যবস্থা নিতেও তারা আন্তরিক নয় বা অসমর্থ হয়েছে। সেজন্য সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে সন্ত্রাসবিরোধী হামলা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে সহযোগিতামূলক প্রচেষ্টা চলে আসছিল তা স্থগিত করতে বাধ্য হলো ওয়াশিংটন।
গত সপ্তাহেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভকে আলোচনা স্থগিতের সতর্কতা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি। ঈদুল আজহাকেন্দ্রিক যুদ্ধবিরতির পর রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমান বেসামরিক এলাকায় এবং ত্রাণবাহী বহরে বিমান হামলা চালাতে থাকায় আলেপ্পো ও এর আশপাশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লাভরভকে দ্রুত হামলা বন্ধের আহ্বান জানান কেরি।
এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে মর্মাহত। গত মাসের করা শান্তিচুক্তি ভঙের অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
