মগবাজার ফ্লাইওভারে বাস উল্টে আহত ১০

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৩:৪৮
 
রাজধানীর মগবাজারে নবনির্মিত ফ্লাইওভারে একটি বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। আজ দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, গাজীপুর থেকে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাস ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১০ যাত্রী আহত হয়। এদের মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
উল্লেখ্য, মগবাজার লেভেল ক্রসিংয়ের কাছাকাছি অংশে ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
 
ইত্তেফাক/আরএ