পৌরসভার নির্বাচনের দাবিতে মেহেরপুরে ঝাড়ু মিছিল করেছে পৌরবাসির ব্যানারে মহিলারা। শনিবার বিকেলে শহরের রিপন টাওয়ারের সামনে থেকে একটি ঝাড়ু মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মেয়রের বাড়ির দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় মিছিলকারী মহিলা ও ডিবি পুলিশের মধ্যে বাকবিতণ্ড ও ধাক্কা ধাক্কি শুরু হয়। এ সময় এক ডিবি পুলিশ সদস্যের ধাক্কায় এক কর্মী মাটিতে পড়ে গেলে উভয়ের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়। পরে উভয় পক্ষের সমঝোতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের হস্তক্ষেপে কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করা হয়। এ ঘটনায় এক ডিবি পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিছুর রহমান।
IMG0
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান বলেন, নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ ঝাড়– মিছিল ছিল। সেখানে মহিলা পুলিশ থাকলেও একজন ডিবি সদস্য কি করে মহিলার গায়ে হাত দেয়। এ কারণে পরিস্থিতি ঘোলাটে হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, মিছিলের শেষ পর্যায়ে একজন ডিবি পুলিশ সদস্যের সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা ছিল। গেল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু হাইকোর্টের নির্দেশে সন্ধ্যায় পৌরসভা ও আমদহ ইউনিয়নের তফসিল স্থগিত করে নির্বাচন কমিশন। তার পর থেকেই নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে বিভিন্ন সংগঠন।
ইত্তেফাক/আরএ
