রাজশাহীর বাঘায় ফেনসিডিল পাচার কালে পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাপ দিয়েও রক্ষা পায়নি আমিরুল ইসলাম নামের এক চোরাকারবারি। তাকে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়েছে। রবিবার সকালে উপজেলার আমোদপুর মসজিদের পার্শ্বে আলী আকবরের পুকুর থেকে পুলিশ তাকে আটক করে।
সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার সীমান্তবর্তী আলাইপুর বাসাবাড়ী এলাকার আজিমুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের ইব্রাহীম(৩৩) রোববার সকাল ৮ টার সময় একটি মোটর সাইকেল যোগে স্কুল ব্যাগের মধ্যে ৪০ বোতল ফেনসিডিল নিয়ে ঈশ্বরদী যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের পেছন থেকে ধাওয়া করে বাঘা থানা পুলিশের এসআই নুরে আলম।
ঘটনা বুঝতে পেরে আমোদপুর মসজিদের দক্ষিণ পার্শ্বের একটি পুকুরে ফেনসিডিল সহ ঝাপ দেয় আমিরুল ইসলাম। কিন্তু তাতেও রক্ষা পাইনি সে। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আলী মাহামুদ জানান, এ ঘটনায় রোববার চোরাচালান আইনে মামলা দায়ের করে আমিরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/আরএ
