কলকাতায় প্রতি ৬ জনে ১ জন নারী নির্যাতনের শিকার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:৫১
কলকাতায় প্রতি ৬ জনের মধ্যে ১ জন নারী স্বামীর অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে থাকেন। ২০১৫ সালে ৮৭৬টি বৈবাহিক নির্যাতনের মামলা হয়েছে। এর মধ্যে ১৫ জনের পরিণতি মৃত্যুতে গিয়ে শেষ হয়েছে। 
 
কলকাতায় ২০০০ সালে যেখানে বৈবাহিক নির্যাতনের মামলা হয়েছে ৪ হাজার ২৫টি সেখানে ২০১৫ সালে তা ২০ হাজার ১৬৩-তে গিয়ে পৌঁছেছে। কলকাতার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এসব তথ্য জানিয়েছে।
 
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ৪৮ ঘণ্টা আগে পার্ক সার্কাসের বাসিন্দা নাদিরা বেগমকে পুড়িয়ে মারার অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বারুই-পুরে ২৮ বছরের নমিতা দাসকে বিষ দিয়ে খুন করেছে তার শশুরবাড়ির লোকজন। 
 
কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে স্ত্রী বা পুত্রবধূদের উপর স্বামী ও তার পরিবারের অত্যাচারের ঘটনা ১২.২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই তথ্যের দিক থেকে নয়াদিল্লি ও হায়দ্রাবাদের পরে তৃতীয় স্থানেই রয়েছে কলকাতা। 
 
তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য, অভিজাত বিত্তশালী পরিবার বা একেবারে দুঃস্থ হতদরিদ্র পরিবারের তুলনায় নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলোতেই এই ধরনের ঘটনার সংখ্যা বেশি ঘটে।
 
ইত্তেফাক/কেপি