এখন থেকে আগামী ছয় মাস পি৯ স্মার্টফোনের ডিজিটাল প্রচারণায় কাজ করবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এ নিয়ে 'বাদশা' ছবির নায়িকা সাথে সমঝোতা স্মারক সই করেছে চীনা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডটি।
এ সমঝোতা স্বাক্ষরের অংশ হিসেবে জাজ মাল্টিমিডিয়া'র ব্যানারে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ডিজিটাল প্রচারণায় কাজ করবেন নুসরাত ফারিয়া।
মঙ্গলবার রাজধানীতে হুয়াওয়ের কর্পোরেট অফিসে হওয়া এই সমঝোতা স্বারকের ব্যাপারে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, 'নুসরাত ফারিয়া বাংলাদেশের তরুণদের আইকন। তিনি তার স্টাইল ও অভিনয় শৈলীর জন্য অত্যন্ত জনপ্রিয়। যেটা পুরোপুরিভাবেই আমাদের ব্র্যান্ডের সঙ্গে যায়। নুসরাত ফারিয়ার মতো প্রযুক্তি ও স্টাইলের সমন্বয়ের পরিপূর্ণতা অর্জনে নিরলস চেষ্টা করে হুয়াওয়ে।'
নুসরাত ফারিয়া বলেন, 'হুয়াওয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। স্মার্টফোন বর্তমানে তরুণদের লাইফস্টাইলের একটা অংশ হয়ে গেছে। রুচিশীল ও ফ্যাশনেবল স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের মডেল হুয়াওয়ে পি৯ এর সফলতার অংশ হতে পেরে আমি ব্যাপক উচ্ছ্বসিত।'
নুসরাত ফারিয়া শুধু পি৯ মডেলের হ্যান্ডসেটের ডিজিটাল প্রচারণার কাজে হুয়াওয়ে'র সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই চুক্তির মধ্য দিয়ে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গেও প্রথমবারের মতো কাজ শুরু করল হুয়াওয়ে।
ইত্তেফাক/এএম
