‘আন্তর্জাতিক মানে এগিয়ে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:২০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেনে, বিভিন্ন সমস্যা কাটিয়ে সমসাময়িক বিশ্ববিদ্যবিদ্যালয়গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়টি এখন আন্তর্জাতিক মানের পথে এগিয়ে যাচ্ছে। 
 
বুধবার বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয়ভাবে বিজয়ী হয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিসহ শিক্ষা সহায়ক প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হচ্ছে। 
IMG0
উপাচার্য বলেন ‘রোকেয়ার আদর্শ ও দর্শনকে লালন করে ইতিমধ্যে উল্লেখযোগ্য কাজ হয়েছে। বেগম রোকেয়ার অন্যতম একটি দর্শন হলো সমাজের পিছিয়ে পড়া মানুষকে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তার (রোকেয়ার) দর্শনকে লালন করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।  ইতিমধ্যে হরিজন, তৃতীয় লিঙ্গ (হিজরা) এবং বিলুপ্ত ছিটমহলবাসীর ভর্তির জন্য  কোটা চালু করা হয়েছে। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রজনন ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হালুম আখতার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান ও উপাচার্যের সহধর্মিনী মিসেস গুল নাহার নবী। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাজমুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
এর আগে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
 
 
ইত্তেফাক/ইউবি