স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, স্মার্ট টিভি থেকে এয়ার পিউরিফায়ার, কোনো কিছুই বাদ রাখেনি চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি। উদ্ভাবনী পণ্যে তাদের খ্যাতি বর্তমানে জগৎজোড়া। সেই প্রতিষ্ঠানই এবার বাজারে আনতে চলেছে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন। ফাঁস হওয়া এক ভিডিও থেকে ছড়িয়েছে এই খবর।
চীনা এক ওয়েবসাইটে আপলোড হওয়া ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি স্মার্টফোন ব্যবহার করছেন, যার স্ক্রিন গোল করে কাগজের মতো মুড়িয়ে ফেলা যায়। ফোনটিতে দেখা গেছে শাওমির ট্রেডমার্ক মিউই ইউজার ইন্টারফেস রয়েছে। তার পরই ছড়িয়েছে এই খবর।
৩০ সেকেন্ডের এই ভিডিও দেখার পর বিশেষজ্ঞদের মত, হয়তো ২০১৭ সাল থেকেই ভাঁজ করা যায় এমন ফোনের উৎপাদন শুরু করে দেবে শাওমি।
যদিও ভাঁজ করা স্ক্রিনের প্রযুক্তি নতুন নয়। ২০০৮ সালে প্রথম এই ধরণের ফোন দেখিয়েছিল নকিয়া। ন্যানোটেকনোলজি তৈরি করে প্রবল বারিবিদ্বেষী উপাদান দিয়ে এই স্ক্রিন তৈরি করেছিল তারা। এর পর স্যামসাং ও সনিও এই ধরণের স্ক্রিন তৈরি করে। যদিও কেউই তা বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেনি।
কিন্তু স্ক্রিন বানালেই তো হবে না, ফোন চালানোর জন্য চাই ব্যাটারি। ভাঁজ করা যায় এমন স্ক্রিনকে কাজে লাগাতে গেলে তেমন ব্যাটারিও চাই। ইতোমধ্যে তেমন ব্যাটারি তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান প্যানাসনিক। ওয়েবসাইটে সে কথা ঘোষণাও করেছে তারা।
ইত্তেফাক/এএম
