২ ঘণ্টা বাড়ালো ডিজিটাল ওয়ার্ল্ডের সময়

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৭:৪৬
২ ঘণ্টা বাড়ানো হলো ‌‌‌'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬' সম্মেলনের সময়। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন-সংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজ শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)  'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬' মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
মেলায় ৪০টি মন্ত্রণালয় ডিজিটাল বাংলাদেশ হিসেবে কি কি সেবা দিচ্ছে তার আদ্যেপান্ত তুলে ধরা হচ্ছে। আর এতে শীর্ষস্থানীয় শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরছেন। তিন দিনব্যাপী এ মেলায় মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ খ্যাতিমান প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শতাধিক বক্তা ১৮টি সেশনে অংশ নিয়েছেন।
 
স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক- সম্মেলনের পাশাপাশি প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে আয়োজন করা হয় ভেলপার সম্মেলন। এছাড়া সফটওয়ার শোকেসিং, ই-গর্ভনেন্স এক্সপোজিসন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন ছাড়াও ছিল আইটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার। আরো ছিল ডেভেলপমেন্ট পার্টনার্স কনফারেন্স, আইসিটি এডুকেশন সম্মেলন।
 
ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম। বিস্তারিত : www.digitalworld.org.bd সাইটে।
 
 
 
 
ইত্তেফাক/এমআই