২,৫৯৯ টাকায় স্মার্টফোন আনলো বাংলালিংক

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৯:০৯
সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ছাত্রছাত্রী, কর্মজীবীদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় বান্ডেল অফারের সঙ্গে সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোন। 
 
গ্রাহকরা স্মার্টফোনের সঙ্গে আরো উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বান্ডেল প্ল্যান যাতে থাকছে ৬ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডাটা এবং ৯০০ মিনিট টক টাইম (৪৫০ মিনিট অফ-নেট, ৪৫০ মিনিট অন-নেট)। ফলে গ্রাহকরা স্মার্টফোনটি একেবারেই ফ্রি পাচ্ছেন। 
 
সম্প্রতি গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেন-এ ‘itel it335’ স্মার্টফোনটি উন্মোচন করা হয়। স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার প্রসূন লাল, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক এবং আইটেলের কান্ট্রি ম্যানেজার শ্যামল কুমার সাহা।
 
আকর্ষণীয় বান্ডেল প্ল্যানর সঙ্গে ‘itel it335’ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৫৯৯ টাকায়। এই স্মার্টফোনে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৩.৫’’ ডব্লিউভিজিএ স্ক্রিন, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১, ৫১২ মেগাবাইট র‌্যাব, ৪ গিগাবাইট রম, ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা, ১,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ২ মেগাপিক্সেল ব্যাক  ক্যামেরা। এই স্মার্টফোনে রয়েছে প্রি-ইনস্টল করা আকর্ষণীয় সব অ্যাপ্লিকেশন যেমন- ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রাম। সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনটি গ্রাহকদের দেবে স্মার্টফোন ব্যবহারের সীমাহীন অভিজ্ঞতা।
 
বাংলালিংকের হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন বলেন, ‘ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক- এ আমরা সবসময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলো আনার চেষ্টা করি। যারা প্রথম স্মার্টফোন অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য আমরা itel স্মার্টফোন এর সঙ্গে যুক্ত হয়ে আকর্ষণীয় বান্ডেলের সাথে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনতে পেরে সত্যিই আনন্দিত।’ 
 
আইটেল-এর কান্ট্রি ম্যানেজার শ্যামল কুমার সাহা বলেন, ‘বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক- এর সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, কানেকটিভিটির পাশাপাশি শক্তিশালী ও সাশ্রয়ী স্মার্ট ডিভাইস দেশের অর্থনীতিতে পরিবর্তন আনতে পারে। সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা যৌথভাবে এই ডিভাইসগুলো আনার এই পদক্ষেপ নিয়েছি।’
 
ইত্তেফাক/ইউবি