রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এবার পা ঝুলিয়ে মনি (১৩) নামে এক শিশুকে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার নারায়নপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে উপজেলার নারায়নপুর এলাকার সাবেক ইউপি সদস্য হারান সরকারের ছেলে মহিদুল ইসলামের একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় সন্দেহবশত সোমবার সকালে একই এলাকার মিঠু আলীর ছেলে মনিকে (১৩) সন্দেহমূলক আটক করে মহিদুলসহ তার দুই ভাই জাহাঙ্গীর হোসেন এবং হাফিজুল। এরপর বাজারের মুদি ব্যবসায়ী আনোয়ারের ঘরের চালার বাঁশের সঙ্গে পা ঝুলিয়ে তাকে নির্যাতন শুরু করে। এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে লোকজন ওই শিশুটিকে উপজেলো স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শী আনোয়ার তুর্য এবং পলাশ বলেন, ‘যে তিন ভাই মিলে ওই শিশুটিকে নির্যাতন করেছে এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন একজন সেনা কর্মকর্তা এবং হাফিজুল পুলিশের সদস্য। এ কারণে প্রথমে তাদের কেউ বাধা দেয়নি। কিন্তু পরে তাদের বিরুদ্ধে লোকজন ঝাপিয়ে পড়ে। এরপর নির্যাতনকারীরা পালিয়ে যায়।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/এএসএমইউ
