বাংলাদেশের নারীদের বিভিন্ন তথ্যসেবা দিতে বছরখারিক আগে যাত্রা শুরু করে মোবাইল অ্যাপ ‘মায়া আপা’। ব্র্যাকের অংশীদারত্ব এবং সহযোগিতায় মায়া ডট কম ডট বিডি (www.maya.com.bd) নারীদের পরামর্শ সহায়তা দিতে তৈরি করা হয় অ্যাপটি। তবে এবার ডিজিটাল ওয়াল্ডে মানুষরুপে হাজির সেই মায়া আপা।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-তে নিজেদের স্টলের মাধ্যমে মায়া আপার রিয়েল লাইফ ডেমোনস্ট্রেশন দেখা যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করার পাশাপাশি নারীদের বিভিন্ন সামাজিক এবং আইনি সমস্যা সমাধানের পরামর্শ দেবে।
দ্বিতীয়বারের মতো ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নেয়া মায়া আপা দর্শনার্থীদের জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে। তাদের স্টলে গেলে মনে হবে তাদের ওয়েবসাইটটি বোধহয় বড় আকারে আপনার সামনে হাজির। গোলাপী রংয়ের দেয়ালের সঙ্গে রয়েছে সবুজ ঘাসে সজ্জিত মেঝে। এছাড়া লাইফসাইজ এন্ড্রয়েড ফোনেও চোখ আটকে যাবে আপনার।
মায়া আপা অ্যাপটি অ্যান্ড্রয়েডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন। বাংলাদেশের উদ্যমী একদল নারী উদ্যোক্তা, কম্পিউটার প্রকৌশলী, ডাক্তার এবং আইনজীবী মিলে দেশের সব বয়সী নারীর জন্য তৈরি করেছেন এই মোবাইল অ্যাপ্লিকেশন। ‘মায়া আপা’ নারীদের (অথবা যে কারও) বিভিন্ন বিষয়ে পরামর্শ চাওয়ার এমন একটি ব্যবস্থা, যেখানে যে কেউ নিজের নাম-পরিচয় গোপন রেখেই তার প্রশ্নটি করতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞগণ এর প্রয়োজনীয় জবাব দেবেন। গুগল প্লেস্টোর থেকেই অ্যাপটি নামিয়ে ব্যবহার করতে পারবেন যেকেউ।
ইত্তেফাক/এমএইচ
