কাউন্সিলর শাহেদ আলীর ৫ মাসের সাজার আদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৫:০৭
হাউজিং প্রতারণার দায়ে টাওয়ার হ্যামলেটসের ইন্ডিপেনডেন্ট গ্রুপের কাউন্সিলর শাহেদ আলীর ৫ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) স্নেয়ার্সব্রুক ক্রাউনকোর্টে এই শাস্তি ঘোষণা করা হয়। এর ফলে শাহেদ আলী তার কাউন্সিলর পদ হারালেন। এজন্য আগামী ১ ডিসেম্বর, বৃহস্পতিবার এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
হোয়াইটচ্যাপল ওয়ার্ডের ইন্ডিপেনডেন্ট কাউন্সিলর শাহেদ আলী গত ২৬ সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে আনীত হাউজিং প্রতারণার অভিযোগের শুনানির শুরুতেই দোষ শিকার করে নিয়েছিলেন। এর প্রায় একমাস পর বুধবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হলো।
 
কাউন্সিল হাউজিং বরাদ্দনেয়াকালে তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ফ্রড এ্যাক্ট ২০০৬ এর সেকশন ৩ এর অধীনে এই অভিযোগ আনা হয়েছিল। অর্থাৎ তার দুটি বাড়ি থাকার কথা গোপন রেখে তিনি টাওয়ার হ্যামলেটসে কাউন্সিল বাড়ি বরাদ্দ নিয়েছিলেন।
 
উল্লেখ্য, মামলার কারণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের খরচ হয়েছে প্রায় ৭০ হাজার পাউন্ডেরও বেশি। ২০১৫ সালের ৯ ডিসেম্বর টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথমবার অভিযোগ আনার সঙ্গে সঙ্গে দায় শিকার করে নিলে কাউন্সিলের ব্যয় হতো মাত্র ৩ হাজার ৪২৮ পাউন্ড।
 
এদিকে ইন্ডিপেনডেন্ট গ্রুপের কাউন্সিলার শাহেদ আলী দণ্ডপ্রাপ্ত হওয়ার পর টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, বাসিন্দাদের সেবা দেয়ার পরিবর্তে শাহেদ আলী শুধু হাউজিং প্রতারণাই করেননি, আইনগত খরচবাবদ করদাতাদের হাজার হাজার পাউন্ডও ব্যয় করিয়েছেন, এটা লজ্জাজনক।
 
তিনি আরো বলেন, আরো লজ্জাজনক, নূন্যতম সততার খাতিরে এবং করদাতাদের অর্থ সাশ্রয়ের লক্ষ্যে শুরুতেই তিনি পদত্যাগ করেননি। এসব কারণে কাউন্সিল থেকে তাকে বের করে দেয়ার সিদ্ধান্তটি যথাযথ হয়েছে বলে আমি মনে করি এবং উপ-নির্বাচন ভোটারদের কাছে তার অপরাধের বিষয়ে রায় দেয়ার সুযোগ এনে দিয়েছে।