হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল চালাচালির ঘটনা নতুন করে তদন্তের ঘোষণা দেয়ায় এফবিআই প্রধান জেমস কোমির সমালোচনা করেছেন মার্কিন সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রেইড। তিনি বলেছেন, এফবিআই প্রধান সম্ভবত আইন ভেঙেছেন।
সিনেটে মাইনরিটি লিডার হ্যারি রেইড রবিবার এক বিবৃতিতে কোমির বিরুদ্ধে নির্বাচনী আইন ভাঙার অভিযোগ করেছেন।
এফবিআই প্রধানের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দলকে সুবিধা পাইয়ে দিতে দ্বৈত ভূমিকা পালনের অভিযোগ করেছেন রেইড। তিনি বলেন, কোমি হ্যাচ অ্যাক্ট লঙ্ঘন করতে পারেন। এ আইনে নির্বাচনকে প্রভাবিত করার জন্য নিজের অবস্থানকে ব্যবহার করতে কর্মকর্তাদের নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরো বলেন, আপনার দলীয় আচরণের কারণে বলছি, আপনি সম্ভবত আইন ভেঙেছেন।
কোমির বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও রুশ সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিস্ফোরক তথ্য প্রকাশ না করারও অভিযোগ করেছেন তিনি।
এদিকে এফবিআই হিলারি ক্লিনটনের শীর্ষ এক সহযোগীর ই-মেইল খতিয়ে দেখার পরোয়ানা আদায় করতে সক্ষম হয়েছে।
এফবিআই পরিচালক জেমস কোমি শুক্রবার কংগ্রেসকে এক চিঠিতে বলেন, হিলারির আরো কিছু ই-মেইলের খোঁজ পাওয়ায় এফবিআই নতুন করে তা তদন্ত করবে।
২০১৫ সালে প্রথম হিলারির ব্যক্তিগত ই-মেইল চালাচালির বিষয়টি ফাঁস হয়। এ সময় এফবিআই তদন্ত করে তার বিরুদ্ধে গুরুতর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিল। এ কারণে তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
