‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’স্নোগানকে ধারণ করে সপ্তম বারের মত আগামী শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা-২০১৬।
সোমবার মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রকৃতি ও প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারো এ মেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। অন্য বছরের চেয়ে এ বছর মেলাটি আরো জাকজমকপূর্ণভাবে আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।’
এবারের মেলায় থাকছে প্রথমবারের মতো বর্ণাঢ্য র্যালি। এ ছাড়া দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
ইত্তেফাক/ইউবি
