গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ প্রভুর আশ্রম থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের পিতলের মূর্তিসহ সাড়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের সহ-সভাপতি স্বপন কুমার সাহা বাদী হয়ে মামলা করেছেন।
মন্দিরের সেবায়েত সুবল চন্দ্র চক্রবতী জানান, সোমবার রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা উপজেলার শেওড়াতলী শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ প্রভুর আশ্রমের দরজার তিনটি তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে। এ সময় তারা মন্দির থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি পিতলের (গোপাল) মূর্তি, দুইটি পিতলের কলসি, দুইটি পিতলের বেল, একটি পিতলের সিংহাসন, দুইটি পিতলের গামলা, দুইটি স্বর্ণের চূড়া, দুইটি ঝারবাতি, দুইটি পঞ্চ প্রদীপ, দুই জোড়া করতাল ও নগদ চার হাজার টাকাসহ সাড়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
ইত্তেফাক/এএসএমইউ
