আসিফ ১৯৯২ সাল হতে বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দর্শনীর বিনিময়ে বিজ্ঞান বক্তৃতা দিয়ে ছুটে চলেছেন বাংলাদেশের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে। সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে সহজ ও হৃদয়গ্রাহী করে তুলে ধরাই তার এই বক্তৃতার মূল লক্ষ্য। দীর্ঘ ২৪ বছরের সাধনায় বিজ্ঞান-বক্তা আসিফ আজ ডিসকাশন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বিজ্ঞানের চারণ কবি হিসেবেই পরিচিতি লাভ করেছেন। উন্মাদ (কার্টুন) ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীবের পরিকল্পনায় ও মাহবুবুল আলম তারুর পরিচালনায় ব্যতিক্রমী এই মানুষটির কর্মকাণ্ডের ওপর নির্মিত হয়েছে একটি প্রামাণ্যচিত্র 'আসিফের মহাজাগতিক পথচলা'।
এই প্রামাণ্যচিত্রে দেখা যাবে এক স্বেচ্ছাসেবী বলছেন, 'আমরা খুব শঙ্কিত ছিলাম যে, টিকেট সেল করে বক্তৃতা ! এটা কুড়িগ্রামের ইতিহাসে কখনো ঘটেনি। এবং বক্তৃতা শোনার জন্য টিকেট নিবে কি না ! এরকম একটা শঙ্কা আমাদের মধ্যে প্রচণ্ড রকম কাজ করেছিল।'
কিন্তু বাস্তবে মানুষ এসেছেন এবং আগত দর্শক-শ্রোতাদের ভেতর থেকে বলতে শোনা গেছে, 'এরকম একটা অনুষ্ঠান কুড়িগ্রামে হবে, আমরা দেখবো, এটা কখনোই ভাবতে পারি নাই। খুব ভাল লাগলো আমার।'
আসিফই সম্ভবত বাংলাদেশে একমাত্র পেশাদারি বিজ্ঞান-বক্তা যিনি দর্শনীর বিনিময়ে বক্তৃতা দিয়ে বেড়ান। ২৪ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি আগামী নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাবে।
ইত্তেফাক/আরএ
