বর্ণিল আয়োজনে জাবিতে প্রজাপতি মেলা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৭:৫০
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিবিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম এ মেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউসিএনর (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার) বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার প্রমুখ। 
IMG0
এর আগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন থেকে একটি র‌্যালি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এবারের মেলায় জীব-বৈচিত্র সংরক্ষণে সার্বিক অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেয়া হয়। ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে। 
 
এ ছাড়া দিনব্যাপী মেলায় ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), অরিগামি প্রজাপতি, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারী বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী। 
 
ইত্তেফাক/ইউবি