অপরিকল্পিত ব্রিজ জনগণের কোনো কাজে আসছে না

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ০০:৪৬
ব্রিজ আছে, সড়ক ও অ্যাপ্রোচে মাটি না থাকায় প্রায় ১৩ বছর ধরে এভাবেই ঝুলে আছে ব্রিজটি। এ ধরনের একটি ব্রিজের সন্ধান পাওয়া গেছে নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের সাত নং ওয়ার্ডের কাতলা গ্রামে খালের উপর। প্রায় ১৩ বছর আগে জেলা পরিষদ কর্তৃক এই অপরিকল্পিত ব্রিজটি নির্মাণ করা হলেও সচল করার কেউ নেই। এ ধরনের তথ্য জানার জন্য উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে এতদসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি ব্যবহারের আগেই বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ব্রিজের পাশের বাসিন্দা ইব্রাহিম জানান, দীর্ঘ ১২/১৩ বছর আগে তাড়াহুড়া করে ব্রিজ নির্মাণ করেই ঠিকাদার উধাও হয়ে যায়। এরপর অ্যাপ্রোচে মাটি ও সড়ক নির্মাণ না করায় ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে। এ ব্যাপারে সাবেক ইউপি  চেয়ারম্যান নজরুল ইসলাম রতন-এর সাথে যোগাযোগ করা হলে তার ক্ষমতা গ্রহণের আগেই নির্মিত হওয়ায় এ ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খুরশীদ শাহরিয়র জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের আওতাধীন। আমার দপ্তরে এতদসংক্রান্ত কোনো তথ্য নেই। এ ব্যাপারে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, তবে  কেউ এ ব্যাপারে লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
ইত্তেফাক/এএন