ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সিরাজগঞ্জে বেলকুচি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল ওয়াদুদকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
ওই প্রভাষককে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আব্দুল ওয়াদুদ কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরনের কটূক্তি নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন। বিষয়টি বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জি এস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাৎক্ষণিক প্রভাষককে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যার আগে প্রভাষকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জি এস নয়ন আহমেদ বাদী হয়ে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এমআই
