আলেপ্পো পুনর্দখল করলো সিরীয় বাহিনী

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:১১
সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর সব এলাকা পুনর্দখল করেছে। আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অবরোধ অবস্থা ভাঙতে সম্প্রতি বিদ্রোহীরা হামলা জোরদার করা সত্ত্বেও তাদের এসব এলাকা হাতছাড়া হলো।
 
শনিবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পুনরায় দখল করে নিয়েছে। এসব এলাকার মধ্যে নগরীর উপকণ্ঠের দাহিয়াত আল-আসাদের পশ্চিমাঞ্চল এবং মিনিয়ান গ্রাম রয়েছে। আলেপ্পো নগরীর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থা ভাঙ্গার চেষ্টায় বিদ্রোহী যোদ্ধাদের অভিযান জোরদারের মধ্যেই সেখানে সরকারি বাহিনীর এ সফলতা আসে। এ বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে আল-কায়েদার সাথে সম্পর্কযুক্ত সাবেক ফাতাহ আল-শাম ফ্রন্টের সদস্যরাও রয়েছে।
 
সরকারি বাহিনী গত জুলাই মাসে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চল ঘিরে ফেলে। এরপর থেকে বিদ্রোহীরা বারবার সরকারি বাহিনীর এ অবরোধ অবস্থা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে জুলাই মাসের পর থেকে সেখানে আর কোন ত্রাণ সামগ্রী পাঠানো যায়নি। পর্যবেক্ষণ গ্রুপ জানায়, এ অঞ্চলে থাকা সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থা ভেঙ্গে ফেলার লক্ষে গত ২৮ অক্টোবর থেকে বিদ্রোহীরা তাদের হামলা জোরদার করার পর সেখানে সাড়ে ৪শ’র বেশী যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ