ভাবপ্রকাশে শব্দের বদলে নানা ধরনের 'ইমোজি' ব্যবহারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ইমোজির বিচিত্রতাও। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে হিজাব, স্তন্যপান ও যোগব্যায়ামের ১ হাজার ৭২৪ ইমোজি।
তবে নতুন ইমোজি এখনই পাওয়া যাবে না স্মার্টফোনে, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।
এসব তথ্য জানিয়েছে ইউনিকোড কনসোর্টিয়াম। ইউনিকোড কনসোর্টিয়াম একটি অলাভজনক কর্পোরেশন যারা নতুন ইমোজি তৈরির অনুমোদন দিয়ে থাকে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে ১৫ বছর বয়সী এক সৌদি কিশোরী 'হিজাব ইমোজি' তৈরির প্রস্তাব আনেন। জার্মানিতে বাসরত রৌফ আলহুমেধি নামের ওই কিশোরী তার প্রস্তাবটি ইউনিকোড কনসোর্টিয়ামে পাঠান। ইউনিকোড কনসোর্টিয়াম তার সেই প্রস্তাবনাকে অনুমোদন দিয়েছে।
IMG0
ওই সময় প্রস্তাবনায় রৌফ উল্লেখ করেছেন, 'প্রায় ৫৫০ মিলিয়ন মুসলিম নারী হিজাব পরে থাকেন। কিন্তু এই 'বিপুল সংখ্যক মানুষ'-এর জন্য কি-বোর্ডে কোনো একক স্পেস নেই।'
হোয়াটসঅ্যাপে এক বন্ধুর সাথে চ্যাটের সময় নিজেকে উপস্থাপনের উপযুক্ত ইমোজি না পেয়ে 'হিজাব ইমোজি'-এর ধারণা মাথায় আসে রৌফের।
ইউনিকোড কনসোর্টিয়াম এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ১ হাজার ৭২৪ ইমোজির সঙ্গে আরও যুক্ত হবে হাতকড়া পরা ব্যক্তি, দাড়িওয়ালা পুরুষ, বর্ষীয়ান নাগরিকদের ইমোজিও। এমনকি, বমি করার ইমোজিও আগামী বছর থেকেই পাওয়া যাবে স্মার্টফোনে।
ইত্তেফাক/এএম
