‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২৩:৫০

যাত্রা শুরু হলো ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’-এর। দুর্দিনে শিল্পীর পাশে দাঁড়িয়ে যাওয়ার প্রেরণা থেকেই গড়ে উঠেছে এ সংগঠন। কারণ শিল্পীরা সমাজের শক্তি আর সুন্দরের প্রতিচ্ছবি।  গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সংস্কৃতিভূবনের সব শাখার শিল্পীদের অংশগ্রহণে মিলনমেলা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই ফাউন্ডেশন। উদ্বোধনী আয়োজনে শিল্পী লাকি আখন্দ এবং সুরকার আলাউদ্দিন আলিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তার চেক প্রদান করা হয়।

 
ফাউন্ডেশনের মুখ্য উদ্যোক্তা, ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক বলেন, শিল্পীরা সমাজের প্রতিচ্ছবি। শিল্পীরা চিরকাল আমাদের ভালোবাসার, গৌরবের। বিশ্বের বুকে তারাই আমাদের প্রতিনিধি, প্রজন্মের প্রেরণা। কিন্তু শিল্পীরা ভালো না থাকলে সমাজের পক্ষে ভালো থাকা সম্ভব নয়। এখন থেকে আর কোনো শিল্পীকে যেন তার শিল্প সাধনায় বাধাগ্রস্ত না হয় সেদিকে সজাগ নজর রাখবে শিল্পীর পাশে ফাউন্ডেশন। এ ছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান, অন্যতম ট্রাস্টি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ, ট্রাস্টি সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু প্রমুখ।
 
উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক, শিল্পী ফেরদৌসী রহমান, নায়ক আলমগীর, শিল্পী সুবীর নন্দী, ফেরদৌস ওয়াহিদ, পীযুষ বন্দোপাধ্যায় ও সুজিত মোস্তফা, আইউব বাচ্চু, সামিনা নবী, ফাহমিদা নবী, মাকসুদুল হক, জুয়েল আইচ, সাদী মোহাম্মদ, শিবলি মোহাম্মদ, শামীম আরা নিপা, নওয়াজেশ আলি খান, শম্পা রেজা, কানিজ আলমাস খান, আসিফ ইকবাল, সুইটি, বন্যা, দীপা, শারমিন শিলা, মেহরিন, এসআই টুটুল, আনিসুল হক মিঠুন, হামিন আহমেদ, ফেরসৌদ, ফেরদৌস আরা, গীতিকার গোলাম মুরশেদ, রফিকুল আলম এবং আবিদা সুলতানা প্রমুখ।
 

ইত্তেফাক/এএন